ছাতকে বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিয়ে বাড়ির একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি সৌদি প্রবাসী মোহাম্মদ নবী হোসেনের। তিনি ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ওই প্রবাসী মোহাম্মদ নবী হোসেনের ছোট বোনের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।  অনুষ্ঠান শেষে অবশিষ্ট তরকারি রান্নাঘরের লাকড়ির চুলায় গরম করার জন্য রাখা হয়। এসময় রান্নাঘরে শুকনো খড় ও লাকড়ির পাশে গরম হাড়ি রাখার একপর্যায়ে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে রান্নাঘরসহ বসতঘরের চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় রান্নাঘরসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবর পেয়ে ছাতক থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি 1599 বার পঠিত হয়েছে