জগন্নাথপুর পৌর যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

ডেস্ক নিউজ

সুনামগঞ্জজের জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ জুলবাদাইন-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ০৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ থেকে সিএনজি যোগে জগন্নাথপুরে ফেরার পথে কলকলিয়া বাজারের পাশে এ হামলার শিকার হন তিনি। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, কলকলিয়া বাজার এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী সন্ত্রাসী সিএনজি গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মোঃ আব্দুল্লাহ জুলবাদাইনসহ গাড়িতে থাকা ছাত্রলীগ নেতা রওশন আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ চৌধুরী, ছাত্রলীগ নেত্রী ফাইজা চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মোঃ মাহবুব হোসেন আহত হন।
এ সময় সন্ত্রাসীরা যুবলীগ নেতা সালাহ উর রহমান ও যুবলীগ নেত্রী শামিমা আক্তার শাম্মির অবস্থান জানতে চেয়ে আরও উগ্র হয়ে ওঠে এবং আঘাত করতে থাকে। তবে আহতদের আত্মচিৎকারে আশপাশের পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
আহতরা জানান, হামলাকারীরা জামায়াত-বিএনপির সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হতে পারে বলে তারা ধারণা করছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে মোঃ আব্দুল্লাহ জুলবাদাইন-এর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, তবে তাকে বাড়িতে না পেয়ে পুলিশ ফিরে যায়।
হামলার পর থেকে আহত ব্যক্তিরা ও তাদের পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

এই সংবাদটি 133 বার পঠিত হয়েছে