ডেক্স রিপোর্ট::
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে নুর আলম নামে এক যুবকের বিরুদ্ধে তার মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুর আলমকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
নিহত রেজিনা বেগম (৭৪) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নুর আলম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে ভোরে নুর আলম তার মাকে জবাই করে হত্যা করেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত নুর আলমকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।






