সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ১০ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর।

মোঃ তাজিদুল ইসলাম
সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে আখি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গৌরারং ইউনিয়নের নলোয়ার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আখি আক্তার ওই গ্রামের জহির উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় হাজী ইয়াকুব উল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের ধানের খলায় রোদে দেওয়া ধান নাড়াচাড়া করছিল আখি। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই আখির মৃত্যু হয়েছিল। বজ্রপাতে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্কুলছাত্রী আখির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় করেন।

এই সংবাদটি 66 বার পঠিত হয়েছে