সিলেটে চোরাই অর্থ,মোটরসাইকেল সহ গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি

সিলেটে চোরাই মোটরসাইকেল, নগদ অর্থ ও চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নগরীর লাভলী রোড এলাকার একটি আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-নুরুল আমিন ওরফে সেলিম (৪০), দোয়ারাবাজার উপজেলার মিরাদারপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং মো. জাবেদ আহমদ (৩৩), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের মো. সোহেল মিয়ার পুত্র। বর্তমানে তারা সিলেট নগরীর আখালিয়া নতুনবাজার (ব্রাহ্মশাসন), জালালাবাদ এলাকায় বসবাস করছিলেন।
এ সময় আসামি মো. জাবেদ আহমদের কাছ থেকে নগদ ৬ লাখ ১৮ হাজার টাকা, একটি স্লাই রেঞ্চ, দুই অংশবিশিষ্ট একটি লোহার স্ক্রু বার এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত নগদ অর্থ চোরাই মাল বিক্রির টাকা বলে স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৩, তারিখ ১৩/০১/২০২৬ ইং, দণ্ডবিধির ৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিধি মোতাবেক গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।
পুলিশ আরও জানায়, থানার রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এই সংবাদটি 122 বার পঠিত হয়েছে