সিলেট ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৮, আহত ৭.

সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ডিআই পিকআপে করে নির্মাণ শ্রমিকরা সুনামগঞ্জে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা কাঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও কয়েকজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগরের মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপের চালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের পরিবার ও স্থানীয় পরিবেশ।
মহাসড়কে অতিরিক্ত গতি, অসতর্কতা এবং ঝুঁকিপূর্ণভাবে শ্রমিক পরিবহন এমন দুর্ঘটনার অন্যতম কারণ। এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই সংবাদটি 61 বার পঠিত হয়েছে