নিজস্ব প্রতিবেধক সিলেট
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী ছাত্রলীগ নেতা আব্দুল মালেকের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের বেলায় একদল মুখোশধারী দুর্বৃত্ত আব্দুল মালেকের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল নষ্ট করে এবং পরিবারের সদস্যদের লাঞ্ছিত করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
আব্দুল মালেকের ভাই লায়েক আহমেদ অভিযোগ করেন, হামলাটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তিনি দাবি করেন, সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আব্দুল মালেক বিএনপি-জামায়াতের সমালোচনা করে বক্তব্য দেন এবং এ-সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরই জেরে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, আব্দুল মালেকের স্ত্রী মোছা. ফাতেমা আক্তারের ভাইদের ইন্ধনে এ হামলা সংঘটিত হয়েছে। তার দাবি, তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। হামলাকারীরা পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেছে এবং আব্দুল মালেক দেশে ফিরলে তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন লায়েক আহমেদ।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “হামলার খবর পুলিশ পেয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।






