সিলেটর নতুন ডিসি হলেন সুনামগঞ্জের কৃতিসন্তান আব্দুল্লাহ আল মামুন

দীর্ঘ রদবদল ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট জেলা প্রশাসকের (ডিসি) পদে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত জেলা প্রশাসক। পরে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামে। তিনি গোলাম মাওলা চৌধুরীর সন্তান। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
সুনামগঞ্জের কৃতিসন্তান আব্দুল্লাহ আল মামুনের এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে জেলাজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞ নেতৃত্বে সিলেটের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে।

এই সংবাদটি 84 বার পঠিত হয়েছে