প্রবাসীদের পোস্টাল ভোট ছাড়াও ৫৩ হাজার ৬৯ ভোটে এগিয়ে মিলন।

ছাতক প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। প্রবাসীদের পোস্টাল ভোট ছাড়াও কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি ৫৩ হাজার ৬৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কলিম উদ্দিন আহমদ মিলন ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।
এই বিজয়ের মাধ্যমে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৬২০ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। এসব ভোটের বড় অংশ ব্যবধানে কলিম উদ্দিন আহমদ মিলন এগিয়ে থাকলেও চুড়ান্ত ফলাফল ঘোষনা করবেন নির্বাচন কমিশন।
অন্যদিকে বিজয়ের খবরে ছাতক ও দোয়ারাবাজার উপজেলাজুড়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে চলছে মিষ্টি বিতরণ। তবে বড় ব্যবধানের এ বিজয়ের জন্য ছাতক দোয়ারাবাজারের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন কলিম উদ্দিন আহমদ মিলন। এছাড়াও তিনি তাঁর প্রতিক্রিয়ায় সকল ভোটার, দলীয় নেতা-কর্মী ও প্রবাসীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ বিজয় জনগণের বিজয়,গনতন্ত্রের বিজয়।

এই সংবাদটি 100 বার পঠিত হয়েছে