আগামী ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
শনিবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট সফরকালে তারেক রহমান সুনামগঞ্জ ও সিলেট বিভাগের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী সভা ও পথসভায় বক্তব্য রাখবেন।
সূত্র মতে, সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল হক নুরুলের নির্বাচনী জনসভায় তারেক রহমান বক্তব্য রাখবেন। জনসভাটি সুনামগঞ্জের বালুর মাঠে অনুষ্ঠিত হবে। যাওয়ার পথে সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারে বিএনপি নেত্রী তাহসীনা রুশদী লুনার পথসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এরপর সুনামগঞ্জের প্রবেশদ্বার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে কলিম উদ্দিন মিলনের পথসভায় অংশ নিবেন তিনি।
এছাড়াও সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী এম কায়ছার আহমদের শান্তিগঞ্জে আয়োজিত পথসভায়প ভাষণ দেবেন তারেক রহমান। সফরের একপর্যায়ে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় সিলেট বিভাগের সকল বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার কথাও রয়েছে।
এদিকে সিলেট-৩ আসনের প্রার্থী আব্দুল মালেকের পথসভায়ও তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আয়োজিত পথসভাগুলোতেও তিনি ভাষণ দেবেন। এরপর ঢাকায় ফেরার পথেও বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ ও বক্তব্য রাখবেন,বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে সিলেট সুনামগঞ্জের আসনগুলোতে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ তৈরী হয়েছে। তাদের নেতাকে একনজর দেখতে পথসভাগুলোতে উপস্থিত হওয়ার জন্য হাজার হাজার মানুষ প্রস্তুতি নিচ্ছেন।






