ছাতক ও দোয়ারাবাজার প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে নির্বাচনী প্রচারণায় গতি পেয়েছে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। নির্বাচিত হলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে একটি আধুনিক ত্রিমাত্রিক সেতু নির্মাণের ঘোষণা দিয়ে তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে জনমনে ব্যাপক সাড়া ফেলে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আব্দুস সালাম আল মাদানী বলেন,
নরসিংপুর বাজারে আজ যে গণজোয়ার দেখা যাচ্ছে, তা প্রমাণ করে মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে।
তিনি বলেন, সুনামগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার। স্বাধীনতার পর ৫৪ বছরেও এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। “জনগণের হক নষ্ট করে ক্ষমতাসীনরা নিজেদের পকেট ভরেছে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—ছাতক ও দোয়ারাবাজারে আধুনিক দুটি হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সকল ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জনগণকে সম্পৃক্ত করে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন। পাশাপাশি নরসিংপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস এবং সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিকসহ বিভিন্ন পর্যায়ের প্রায় দুই হাজার নেতাকর্মী।
সমাবেশ চলাকালীন সময়ে নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তারা জামায়াত মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল মাদানীর হাতে ধরে দলে যোগদানের ঘোষণা দেন।






