ছাতকে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (বিকাল ৪টা) ছাতক বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ডিপ্লোম্যাসি চাকমা।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় কাঁচাবাজার, মাছ বাজার, ডিম-মাংসের দোকান, মুদি দোকান ও ফলের বাজারে মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 390 বার পঠিত হয়েছে