ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার।

ছাতক প্রতিনিধি 

মুসলিম উম্মাহের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ইজারা বহির্ভূত একাধিক পশুর হাট পরিচালনার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না থাকলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে এসব পশুর হাট বসিয়ে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করছেন। তাদের এমন ব্যবসায় সরকার যেমন বিপুল পরিমানের রাজস্ব হারাচ্ছে তেমনি হাটগুলোর বৈধ ইজারাদারগন অর্থিক ভাবে ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

জানা যায়, গত বছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছাতক উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ১২টি পশুর হাট বসেছিল। এর মধ্যে ৩টি ছিল স্থায়ী। পৌরসভার ১টি-সহ ৯টি ছিল অস্থায়ী পশুর হাট। তবে এ বছর গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজার দুটি স্থায়ী পশুর হাট বসেছে। এছাড়া ছাতক পৌরসভায় ১টি, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামবাজার ও নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারসহ স্থায়ী অস্থায়ী মোট ৫টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়। অজ্ঞাত কারণে উপজেলার আরও ৮টি অস্থায়ী হাটের অনুমোদন দেয়নি কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন না থাকলেও বিভিন্ন এলাকায় প্রকাশ্যে পশুর হাট বসানো হচ্ছে। গত রোববার (২৪ মে) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ নতূন বাজারে ইজারা বহির্ভূত পশুর হাট বসেছিল। অন্যদিকে গত ২৩ মে সোনালী বাংলাবাজার ও মইনপুর বাজারে ইজারা বহির্ভূত বাজার বসলে এসিল্যান্ড অভিযান চালিয়ে তা বন্ধ করেন। এছাড়া আজ (২৫ মে) সোমবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজারে ইজারা বহির্ভূত পশুর হাট বসেছে। এ বিষয়ে গতকাল (২৪ মে) দিনব্যাপী যানবাহন যোগে মাইকিং ও সোশ্যাল মিডিয়ায় প্রচারনা চালানো হয়েছিল। অবৈধ পশুর হাট বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কটুর অবস্থানের কথা বলা হলেও আজ বুরাইয়া বাজারে ইজারা বহির্ভূত পশুর হাট দৃশ্যমান রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, এসব পশুর হাট নিয়তান্ত্রিকভাবে ইজারা দেওয়া হলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব লাভ করতো। কিন্তু ইজারা বহির্ভূতভাবে পশুর হাট পরিচালনার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন বৈধ ইজারাদারগন। অবৈধভাবে লাভবান হচ্ছেন পশুর হাট পরিচালনায় জড়িত প্রভাবশালী সিন্ডিকেট চক্রের সদস্যরা।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমাম চৌধুরী জানিয়েছেন অবৈধ হাটের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় পৌছাতে কিছু বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন ইতোমধ্যে একজায়গায় এসিল্যান্ড অভিযান করেছেন। আজ বুরাইয়া বাজারে যাবেন। তিনি বলেন, অবৈধ ভাবে পশুর হাট কেউ বসালে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 185 বার পঠিত হয়েছে