ডেক্স রিপোর্ট::
সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রশাসনিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি গুরুত্বপূর্ণ কম্পিউটারে দায়িত্ববহির্ভূত এক ব্যক্তি নিয়মিত বসে কাজ করছেন যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ইজাজুল হক, যিনি পূর্বে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন, বর্তমান প্রেক্ষাপটে উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রের দাবি, দায়িত্ব পালনের অংশ হিসেবে নিয়মিত অফিসে যাতায়াতের সুযোগ নিয়ে তিনি সংশ্লিষ্ট কার্যালয়ে প্রবেশ করছেন এবং একপর্যায়ে সরকারি ডেস্কটপ কম্পিউটারে বসে বিভিন্ন কাজ করতে দেখা গেছে। সম্প্রতি এমন একটি ভিডিও স্থানীয় এক সাংবাদিকের হাতে আসে, যেখানে তাকে ভূমি অফিসের একটি কম্পিউটারে বসে কাজ করতে দেখা যায়।
এ ঘটনায় সচেতন মহলের প্রশ্ন একজন গাড়িচালকের সরকারি প্রশাসনিক কম্পিউটার ব্যবহারের অনুমোদন রয়েছে কি না। সাধারণত ভূমি অফিসের কম্পিউটারগুলোতে খতিয়ান, নামজারি, ভূমি রেকর্ড ও অনলাইন মিউটেশনসহ সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদিত কর্মচারী ছাড়া অন্য কারও এ ধরনের ডিভাইসে প্রবেশাধিকার থাকা তথ্য নিরাপত্তা ও প্রশাসনিক বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা জানান, ভূমি অফিসে সাধারণ মানুষকে একটি কক্ষে প্রবেশ করতেও নানা নিয়ম মানতে হয়। সেখানে একজন ড্রাইভার যদি নির্বিঘ্নে সরকারি কম্পিউটারে বসে কাজ করেন, তাহলে বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ ইজাজুল হক বলেন, এটা কোনো কাজ না,এ কথা বলেই তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বলেন, সে কম্পিউটারে কী কাজ করছে, তা আগে দেখতে হবে। ওই কম্পিউটারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। ব্যক্তিগতভাবে কিছু টিপাটিপি করে থাকতে পারে।






