সাংবাদিকতার পথচলায় দিকনির্দেশনা, এমসি কলেজে মিজানুর রহমানের সঙ্গে মতবিনিময়

মোঃ তাজিদুল ইসলাম::

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজ-এ অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক মতবিনিময় সভা। দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি ও কলেজটির সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান-এর উপস্থিতিতে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এই আয়োজন রূপ নেয় অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ ভাবনার এক অর্থবহ মিলনমেলায়।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পাঁচটায় কলেজের রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মুছলেহ উদ্দিন মুনাঈম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লবীব আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক এবং বাংলা বিভাগের সাবেক সহযোগী অ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।
সভা শুরুতেই সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরা হয়, যা পরবর্তী আলোচনার ভিত্তি হিসেবে কাজ করে। এরপর মিজানুর রহমান দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার অনুভূতি ব্যক্ত করেন। তিনি তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণের পাশাপাশি সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন।
রিপোর্টার্স ইউনিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি পেশাগত দক্ষতা উন্নয়ন, দায়িত্বশীলতা এবং নৈতিকতার গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একইসঙ্গে তিনি সিলেটের প্রখ্যাত সাংবাদিকদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম এবং এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আশরাফ আহমেদ। বক্তারা তাঁদের বক্তব্যে ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।
তাঁরা আরও উল্লেখ করেন, একটি শক্তিশালী রিপোর্টার্স ইউনিট গড়ে তুলতে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, নিয়মিত চর্চা এবং নিরলস প্রচেষ্টা।
মতবিনিময় সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমীন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য মেহেদি হাসান তানিম এবং সহযোগী সদস্য তাজিদুল ইসলাম, সাইফুল্লাহ মোস্তফা, আব্দুল হান্নান সৌরভ, হাছান আহমদ, আব্দুল মাজিদ, জাওহার, রবিউল হাসান আশরাফ প্রমুখ।
অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক গড়ে তুলতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি 18 বার পঠিত হয়েছে