ছাতকে রাতের আঁধারে রক্তাক্ত ছিনতাই, ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা লুটের অভিযোগ

ছাতকে রাতের আঁধারে রক্তাক্ত ছিনতাই, ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা লুটের অভিযোগ।সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর এলাকায় এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় আব্দুল হক নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রোববার (রাত ১০টা) মঈনপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাটাশলা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল হক দোলার বাজারের শরিষপুর এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হাসপাতাল এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ হিসেবে পরিচিত মঈনপুর এলাকায় এ ধরনের নৃশংস ঘটনা প্রথমবারের মতো ঘটায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে তদন্ত অভিযান শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি 262 বার পঠিত হয়েছে