নিজস্ব প্রতিবেদকঃ-সিলেট শহরতলীর শাহপরাণ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ সুরমা গেইট সংলগ্ন এলাকায় খাদিমপাড়া একাংশ ও কল্লগ্রামের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাদিমপাড়া হিলভি টাওয়ার এলাকার ছাত্রদল নেতা মোস্তাক আহমদ ও কল্ল গ্রামের সোহেল আহমদ এর মধ্যে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতন্ডা হয়। এসময় সোহেল ও তার বড় ভাই জাহিদ কে মারধর করে ছাত্রদল নেতা মোস্তাক।
এ ঘটনাকে কেন্দ্র করে কল্ল গ্রামের লোকজন শাহপরান গেইটে অবস্থান নেয়। এসময় খাদিমপাড়ার একাংশ অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। এক পর্যায়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিতে চায় উত্তেজিত জনতা। এসময় শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ভাঙচুরকৃত ৩টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়।
এব্যাপারে শাহপরাণ থানার ওসি (তদন্ত) সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।






