ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে পৃথক দুটি অভিযানে প্রায় ১২ লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও মসলা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ৮ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ
আঃ করিম (২৬) নামের এক যুবককে আটক করা হয়।
আঃ করিম সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার সোনার বাংলা ৩৭ নম্বর বাসার বাসিন্দা রইয়ব আলীর ছেলে।
এসময় তার কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ভারতীয় ক্রীম এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৬ হাজার টাকা।
অন্যদিকে ভোরে পরিচালিত আরেক অভিযানে একটি পিকআপ ভর্তি ভারতীয় মসলা ও প্রসাধনী উদ্ধার করা হয়। এসময় কালারুকস ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ জুয়েল আহমদ (২৮) কে আটক করা হয়।
তিনি ওই ইউনিয়নের রামপুর গ্রামের হুশিয়ার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তার হেফাজত থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ৫০ কেজি এজেনাইন মসলা, ৫০ কেজি গুয়ামৌরি এবং ১ হাজার পিস বেটনোভেট ক্রীম উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান আইনে ছাতক থানায় পৃথক দুটি মামলা নং ১৫(০৩)২৬, ১৭(০৩)২৬ দায়ের করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) পুলিশ প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান তালুকদার বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।






