দীর্ঘ ২০ বছর পর সিলেট সদর উপজেলার বাজারতল কবরস্থানের জমি উদ্ধার

সিলেট থেকে মোঃ আক্তার হোসেন,

সরকারি জমি পুনরুদ্ধার এবং জনস্বার্থে তার ব্যবহার নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সরাসরি নির্দেশে আজ (শনিবার) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ বাজারতল কবরস্থানের জমি উদ্ধার করা হয়েছে।

প্রায় ২০ বছর ধরে এক শ্রেণির অসাধু চক্র কবরস্থানের এই জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করেছিল। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান বিকেল পর্যন্ত অব্যাহত থাকে।

ভূমি পুনরুদ্ধার অভিযানটি সফলভাবে পরিচালনা করেন সিলেট সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। অভিযান চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও এয়ারপোর্ট থানা পুলিশ।

ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অবৈধ দখলের ঘটনা আর না ঘটে, সে জন্য জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম একটি সুদূরপ্রসারী নির্দেশনা দিয়েছেন। তিনি উদ্ধারকৃত কবরস্থানের চারপাশে অবিলম্বে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ প্রদান করেছেন। এই পদক্ষেপ সরকারি সম্পত্তি সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

ভূমি উদ্ধার অভিযানের পাশাপাশি এদিন স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের কিছু সমস্যারও সমাধান করা হয়:

সীমানা বিরোধ নিষ্পত্তি: সাহেবেরবাজার ও ফড়িংউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার সীমানা সংক্রান্ত একটি পুরনো বিরোধের নিষ্পত্তি করা হয়।

এলাকার উন্নয়ন: স্থানীয় উন্নয়নের অংশ হিসেবে সাহেবেরবাজার এলাকায় বেশ কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

সিলেট জেলা প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং সরকারি সম্পত্তি সুরক্ষার বার্তা দিয়েছে।

এই সংবাদটি 103 বার পঠিত হয়েছে