পাপলু মিয়া,ছাতক::
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ছাতক উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা উপস্থিত থেকে এসব খেজুর বিতরণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাতক উপজেলার জন্য মোট ২৮ কার্টুন খেজুর বরাদ্দ পাওয়া যায়। বিতরণের সুবিধার্থে এবং স্বচ্ছতা বজায় রাখতে এই বরাদ্দকে দুই ভাগে ভাগ করা হয়।
ইউনিয়ন ও পৌরসভা: মোট ১৪ কার্টুন খেজুর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। যা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।
অবশিষ্ট ১৪ কার্টুন খেজুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি বিভিন্ন এতিমখানা, জামে মসজিদ এবং হিজড়া সম্প্রদায়ের মাঝে বিতরণ করেছেন। বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, “সরকারি এই উপহার প্রকৃত সুবিধাবঞ্চিতদের হাতে পৌঁছে দিতে আমরা কাজ করছি। বিশেষ করে এতিম শিশু ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আমরা সরাসরি এই খেজুর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।”উপজেলার বিভিন্ন প্রান্তের মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিগণ এই উদ্যোগের প্রশংসা করেন এবং সময়োপযোগী এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।






