শাহজাহান আলী
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে, ভুয়া পরীক্ষা, চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়া অভিযোগে নাসির উদ্দিন ( ৪০) নামের
প্রতারকচক্রের এক সদস্যকে ভুয়া নিয়োগপত্র সহ আটক করেছে র্যাব।
আটককৃত নাসির উদ্দিন শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার ( কাজিপাড়া) গ্রামের মৃত
নাজিম উদ্দিনের।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি টিম শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার (কাজিপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
১৬ জুন বুধবার বিকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত নাসির বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন এলাকায় ভুয়া মেজর/জেসিও পরিচয় দিয়ে ভুয়া পরীক্ষা, মেডিক্যাল, ভেরিফিকেশন এবং নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভুয়া নিয়োগপ্রাপ্তরা সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারে যোগদানের উদ্দেশ্যে গিয়ে জানতে পারে নিয়োগপত্রটি ভুয়া এবং তারা প্রতারিত হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন জানান, গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।






