স্টাফরিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, প্যাথলজি পরীক্ষার অতিরিক্ত ফি আদায়। ক্লিনিকগুলোর নেই কোন রেজিস্ট্রার, লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, নেই প্রত্যাশিত সেবা। এ সব কারণে পাঁচটি প্যাথলজিক্যাল ক্লিনিক মালিককে ১লক্ষ ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫হাজার, মডেল হেলথ কেয়ারকে ২০ হাজার, শারমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, কটিয়াদী ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, মাতৃছায়া ডেন্টাল কেয়ারকে ১০হাজার টাকা। মোট এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিপন দেবনাথ এবং কটিয়াদী পৌর স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারা অনুযায়ী জরিমানা করা হয়। সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।






