আন্তর্জাতিক ডেক্স:
বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য সুখবর—২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে। দেশটির ‘উন্নয়নশীল দেশগুলোর ট্রেডিং স্কিম’ (ডিসিটিএস) কর্মসূচির আওতায় এই সুযোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক বৈঠকে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এই ঘোষণা দেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্যারোনেস উইন্টারটন বলেন, “বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও যাতে বাংলাদেশ তার রপ্তানি সক্ষমতা ধরে রাখতে পারে, সে লক্ষ্যেই ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার বহাল রাখা হয়েছে।”
তিনি আরও জানান, যুক্তরাজ্য বাংলাদেশের অবকাঠামো, সবুজ জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এই খাতগুলোতে পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে—এটি আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পরিবর্তনের সময় যুক্তরাজ্যের সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
বৈঠকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর অগ্রগতির বিষয়েও আলোচনা হয়। শেখ বশিরউদ্দীন জানান, সরকার দ্রুততম সময়ে নতুন টার্মিনালটি চালুর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এব বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।






