সিলেটে ২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৫, আহত ৭০৯

তাজিদুল ইসলাম:

সিলেট বিভাগে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৭৫ জন এবং আহত হয়েছেন ৭০৯ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এ বছর বিভাগজুড়ে ৩৫৯টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। নিহতদের মধ্যে মোটরসাইকেলের চালক ও আরোহীর সংখ্যা সবচেয়ে বেশি। সিলেট জেলা দুর্ঘটনা ও হতাহতের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে।
সিলেট জেলায় ১৫৫টি দুর্ঘটনায় ১৫৭ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৬৪টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১০৮ জন আহত হন। মৌলভীবাজারে ৫৭টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ৭২ জন আহত এবং হবিগঞ্জে ৮৩টি দুর্ঘটনায় ৯৫ জন নিহত ও ২১৫ জন আহত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে- চালকদের বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন লঙ্ঘন, রাস্তার ত্রুটি, পথচারীদের অসচেতনতা এবং মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা।
এছাড়াও, শিশুদের উপযোগী আসনের অভাব, অতিরিক্ত যাত্রীবহন, সড়ক চাঁদাবাজি এবং মহাসড়কে ব্যাটারিচালিত যানবাহনের অনুপ্রবেশ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা, নিহত এবং আহতের সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে ২৯৪টি দুর্ঘটনায় নিহত হন ৩৬১ জন এবং আহত হন ৪৬৪ জন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু জানান, প্রতিবেদনটি স্থানীয় ও জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং নিসচার শাখা সংগঠনের তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন এবং সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদনে ট্রাস্কফোর্সের ১১১টি সুপারিশ বাস্তবায়ন, ট্রাফিক আইন মেনে চলা, রোড মার্কিং নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি 109 বার পঠিত হয়েছে