মোঃ তাজিদুল ইসলামঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের দু’দিন পর চেলা নদী থেকে এক ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী’র লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর রহিমের পাড়া-নাছিমপুর বাজার খেয়াঘাট এলাকা থেকে মৃত লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ।
নিহত মো.মাইন উদ্দিন আহমদ (৫৫) নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইন উদ্দিন আহমদ একজন ব্যবসায়ী ও শালিশী ব্যক্তি ছিলেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন।
প্রতিদিনের ন্যায় রবিবার সকালে বাড়ি থেকে বের হন মইন উদ্দিন। রাতে বাড়িতে না আসায় ও মোবাইলে ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজা খুঁজি করেন পরিবারের লোকজন।
আজ সকাল ৮ টার দিকে চেলা নদীর নাছিমপুর বাজার -রহিমেরপাড়া খেয়াঘাট এলাকায় ওই ব্যবসায়ীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দোয়ারাবাজার থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, খবর পেয়ে চেলা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






