দোয়ারাবাজার প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে এবং তাঁদের ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সময়ের দাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ, ইউপি সদস্য আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।






