বগুড়ায় ডিবি পরিচয়ে সিরাজুল কে তুলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা

শাহজাহান আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ-বগুড়া শহরের কানজগাড়ী এলাকা থেকে ডিবি পুলিশে পরিচয়ে সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবককে অপহরণ করে নন্দীগ্রাম পৌর এলাকার একটি শ্মশান ঘাটে হাত-পা বেঁধে তাকে হত্যার চেষ্টা করে।২১ নভেম্বর( শনিবার) সন্ধ্যা ৭ ঘটিকার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার পূর্বকুচাইকুড়ি শ্মশান ঘাটে এই ঘটনা ঘটে।

হাফেজ সিরাজুল ইসলাম বগুড়া জেলার সোনাতলা উপজেলার শালিখা পশ্চিমপাড়া গ্রামের বাবলু বেপারীর ছেলে। তিনি বগুড়া শহরের কানজগাড়ী এলাকার ফাতেমা ফিজিওথেরাপি সেন্টারে ম্যানেজার হিসাবে কর্মরত আছেন।

জানা যায়, বগুড়া শহরের কানজগাড়র এলাকার ফাতেমা ফিজিওথেরাপি সেন্টার থেকে শনিবার বিকাল ৪টার সময় হাফেজ সিরাজুল ইসলাম বাহিরে বের হন। সে সময় অজ্ঞাত কয়েক জন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে সিএনজি চালিত অটো রিক্সায় উঠায়। সেখান থেকে সিরাজুল ইসলাম কে নাটোর রোডের শাকপালা এলাকায় নিয়ে গিয়ে মোটরসাইকেল করে নন্দীগ্রাম পৌরসভার পূর্বকুচাইকুড়ি শ্মশান ঘাটে নিয়ে আসে।

পরে তার হাত-পা বেঁধে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় হাফেজ সিরাজুল ইসলামের ডাক- চিৎকার শুনে শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকজন এগিয়ে এলে অজ্ঞাত ৩ জন ব্যক্তি তাকে হাত-পা বাঁধা অবস্হায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাফেজ সিরাজুল ইসলাম কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আব্দুর রশিদ বলেন, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারকৃত হাফেজ সিরাজুল ইসলামকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ভাবে ব্যবস্হা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 165 বার পঠিত হয়েছে