নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী হাসনাবাদ বাজারের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে গলি পাকাকরণ প্রকল্প। দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করে বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি গলির পাকাকরণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে কাদা-পানি এবং চলাচলের দুর্ভোগ ছিল নিত্যদিনের সমস্যা। গলি পাকাকরণের ফলে এখন ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।
হাসনাবাদ বাজার জেনারেল কমিটির সভাপতি কদুরল ইসলাম বলেন, বাজারের উন্নয়ন ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন সেই প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রেখেছেন। এজন্য বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহি বলেন, বাজারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে দুটি গলির পাকাকরণ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি গলিগুলোর কাজও শেষ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এলাকাবাসীর মতে, এই উন্নয়ন কার্যক্রম বাজারের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করেছে। তাই বাজার উন্নয়নে অবদান রাখায় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।






