মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি নদী থেকে নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
শান্তিগঞ্জ থানার ওসি ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃতদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর আমরা জানতে পারি এটি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর। কীভাবে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মাওলানা মুশতাক গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজ বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রাম থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় তার স্ত্রী রুবি বেগম বুধবার (৩ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন বৃহস্পতিবার নিখোঁজের ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ মিছিলও করেন।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি জমিয়তে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি এলাকায় সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে আসছিলেন।






