মোঃ তাজিদুল ইসলাম::
সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজারে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সেলিমগনি মার্কেটের কাপড় ব্যবসায়ী আহমুদুল হাছান পিয়াল (৩৫) কে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত পিয়ালকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বপরিকল্পিত ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত রেজান মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার সদর মডেল থানায় মামলা করেছেন।
পিয়াল শহরের বাঁধনপাড়ার মৃত কুতুবউদ্দিনের ছেলে, আর অভিযুক্ত রেজান একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। জানা যায়, গত ২০ আগস্ট রাত ১১টায় পিয়াল তার বাসার সামনে রেজানকে মাদক বিক্রি ও সেবনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রেজান তাকে প্রাণে মারার হুমকি দেয়।
পরবর্তী দিন, ২১ আগস্ট বিকেল ৪:৩০টার দিকে মধ্যবাজারের ২ নম্বর গলিতে রেজান পূর্বপরিকল্পিতভাবে পিয়ালের পথরোধ করে এবং ধারালো ছুরি দিয়ে পেটের বাম দিকের কোমরের উপরে আঘাত করে। পিয়ালের আর্তচিৎকারে আশপাশের ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করেন এবং রেজানকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পিয়ালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, “ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।






