দোয়ারাবাজার ইউএনও’র বিশেষ বরাদ্দে দোহালিয়া পয়েন্ট সড়ক সংস্কার সম্পন্ন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতক-দোয়ারাবাজার সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ দোহালিয়া বাজার আজাদ ব্রাদার্স অ্যান্ড টাওয়ার থেকে ভূমি অফিস পয়েন্ট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে জনদুর্ভোগে ভুগছিলেন স্থানীয়রা। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের বিশেষ বরাদ্দে এ অংশের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও সংস্কার কাজের সভাপতি মো. সুনুর মিয়া বলেন, “দীর্ঘদিন যাবত সড়কটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিম ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ইউএনও মহোদয়ের বিশেষ বরাদ্দে রাস্তাটি সংস্কার করতে পেরে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

দোয়ারাবাজার উপজেলা দক্ষিণের সাবেক আমির দেলোয়ার হোসেন বলেন, “রাস্তার বড় বড় গর্তের কারণে দীর্ঘদিন দুর্ভোগে ছিল মানুষ। অবশেষে ইউএনও মহোদয়ের বরাদ্দ ও ইউপি সদস্য সুনুর মিয়ার অক্লান্ত পরিশ্রমে রাস্তা সংস্কার হওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সড়কটিও দ্রুত মেরামত করা প্রয়োজন।”

প্রগতি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহ বলেন, “দোহালিয়া বাজার অংশের সংস্কার কাজ হওয়ায় আমরা কৃতজ্ঞ। তবে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে দ্রুত প্রগতি উচ্চ বিদ্যালয় সড়কটির সংস্কার প্রয়োজন।”

উপজেলা যুবদল নেতা হামদু মিয়া বলেন, “দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। এ কাজের জন্য ইউপি সদস্য সুনুর মিয়া, চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিম ও ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, “সড়কটি জনদুর্ভোগ নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী উপকৃত হবেন।”

সম্প্রতি সংস্কার কাজ শেষ হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ইউএনও’র তত্ত্বাবধানে বিশেষ বরাদ্দ থেকে দ্রুত সময়ে কাজ শেষ হওয়ায় এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সংবাদটি 133 বার পঠিত হয়েছে