দোয়ারাবাজারে নদীতে ভেসেছে বজ্রপাতে নিখোঁজ শ্রমিকের লাশ

ডেক্স রিপোর্ট::

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি’র সোনালী চেলা নদীতে ভেসে উঠেছে বজ্রপাতে নিহত বারকিশ্রমিকের লাশ। নিখোঁজ ওই শ্রমিক কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠাল বাড়ি এলাকার মৃত. মাশুক মিয়া’র ছেলে রুবেল মিয়া (২২)।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চেলা নদীতে বজ্রপাতে নিখোঁজ হন বারকিশ্রমিক রুবেল মিয়া।

বালুমহাল সূত্রে জানা গেছে, ভোররাত থেকে বালু আহরণের কাজ করলে দিনে দিনেই বালু কেনাবেচা সম্পন্ন করা সহজ হয়। শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে কোম্পানীগঞ্জের তেলিখাল থেকে বারকিশ্রমিকদের একটি দল ইঞ্জিন নৌকা নিয়ে শারপিনপাড়া এলাকায় বালু আহরণকালে বজ্রপাতের মুখে পড়েন। বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়, একজন আহত এবং আরও একজন নিখোঁজ হন। শনিবার সকালে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি।

রবিবার বিকাল ৪ টা ২০ মিনিটের সময় চেলা নদীর শারপিনপাড়া এলাকায় লাশ ভাসতে দেখে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্বার করে।

এই সংবাদটি 112 বার পঠিত হয়েছে