চুনারুঘাটে সাইনবোর্ডে ঝুলে থাকা নজরুল একাডেমি :-

চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাটে সাইনবোর্ডে ঝুলে থাকা নজরুল একাডেমির অস্তিত্ব নেই। বাইরে সাইনবোর্ড থাকলেও ভেতরে এর কোন পৃথক অফিস নেই। পূর্বে পৃথক একটি অফিস থাকলেও বর্তমানে অফিসটি উধাও হয়েগেছে।

অনুসন্ধানে জানা যায়, চুনারুঘাট উপজেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত ভবনে স্থানীয় পদক্ষেপ গণপাঠাগার তাদের কার্যক্রম চালানোর অনুমতি পায়। নজরুল চর্চার দ্বার প্রসারে এর পাশেই আরেকটি কক্ষ নজরুল একাডেমির নামে বরাদ্দ হয়৷ পদাধিকার বলে এর সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অথচ কালের পরিক্রমায় নজরুল একাডেমির কার্যক্রমে কৌশলগত স্থবিরতা আসলে সুক্ষকৌশলে নজরুল একাডেমির কার্যালয়টি প্রশাসনের কোন অনুমতি বা লিখিত আদেশ না নিয়েই ভেঙে নিজেদের করে নেন পদক্ষেপ গণপাঠাগার কর্তৃপক্ষ।

এদিকে, বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে পদক্ষেপ গণপাঠাগার কর্তৃপক্ষ ফেসবুকে নানান ব্যাখ্যা দিলেও কার্যালয় ভাঙার বিষয়ে তারা কোন লিখিত বা প্রশাসনের অনুমতির কোন ডুকুমেন্টস দেখাতে পারেন নি। দখল করে ঐ জায়গায় তৈরি করা হয়েছে পদক্ষেপ গণপাঠাগারের মঞ্চ।

অভিযোগ রয়েছে যে, পদক্ষেপ গণপাঠাগার কর্তৃপক্ষ নজরুল একাডেমির সমুদয় বইপত্র, সেল্ফ নিজেদের নামে চালিয়ে দিচ্ছেন। অথচ নজরুল একাডেমির নিজস্ব বই, সেল্ফ ছিলো। এর মধ্যে নজরুল রচনা সমগ্র সহ নজরুলের নিজের লেখা অনেক বই নজরুল একাডেমি দখলের পর পদক্ষেপ গণপাঠাগারের বইয়ের সাথে মিশে যায়।

এদিকে, নজরুল জন্ম বার্ষিকীতে নজরুল একাডেমির কোন কার্যক্রম ছিলো না। বিষয়টি নিয়ে গতকাল, ফেসবুকে মোহাম্মদ তাহের নামে একজন নজরুল একাডেমির পরিচালনা সদস্য নিজেকে দাবি করে স্ট্যাটাস করেন। স্ট্যাটাসে তিনি বলেন, নজরুল একাডেমির কার্যক্রম করোনায় কিছুটা স্থবির ছিলো। কিন্তু মোহাম্মদ তাহের তার স্ট্যাটাসে কার্যালয় দখল বা বইপত্রের হদিস সংক্রান্ত কোন তথ্যই উল্লেখ করেন নি।

অথচ পদক্ষেপ গণপাঠাগার কর্তৃপক্ষ যে ব্যাখ্যা টেনেছেন এর সাথে মোহাম্মদ তাহেরের ব্যাখ্যা সম্পূর্ণ উল্টো। পদক্ষেপ গণপাঠাগার কর্তৃপক্ষ এ বিষয়ে দাবি করেছেন, নজরুল একাডেমির কার্যক্রমে স্থবিরতা আসলে তৎকালীন ইউএনও মাশহুদুল কবীরের পরামর্শে তারা কার্যালয়টি ভাঙেন। অথচ মোহাম্মদ তাহের দাবি করেছেন, নজরুল একাডেমির কার্যক্রম চলমান ও করোনায় কিছুটা স্থবির ছিলো। কিন্তু নজরুল জয়ন্তী সহ নজরুলকে ঘিরে নজরুল একাডেমির কোন কার্যক্রমই অনুষ্ঠিত হতে দেখা যায় নি।

বিষয়টি ঘিরে শুরু হয়েছে নানান বিতর্ক। চুনারুঘাটে নজরুল একাডেমিকে ঘিরে এমন বিতর্কের অবসান চাচ্ছেন চুনারুঘাটের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, দ্রুততর সময়ের মধ্যে নজরুল একাডেমির কার্যক্রম চলমান রাখার স্বার্থে এর কার্যালয় উদ্বার করা হউক।

বাইরে সাইনবোর্ড থাকলেও ভেতরে এর কোন পৃথক কার্যালয় এবং কোন কার্যক্রম না থাকার বিষয়টি সকলকে ভাবিয়ে তুলেছে।

এই সংবাদটি 180 বার পঠিত হয়েছে