দোয়ারায় চাচিকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

মোঃ তাজিদুল ইসলাম::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অশালীন আচরনের প্রতিবাদ করায় আপন ভাতিজার হাতে চাচি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রুকশানা বেগম (৩৫) উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ফিরিজ আলীর স্ত্রী। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিয়ামপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর বখাটে ছেলে জসীম উদ্দিন (২৬) তাঁর আপন চাচা ফিরিজ আলীর স্ত্রী রুকশানা বেগমের সাথে প্রায়সই অশালীন আচরন করে আসছিলো। চাচিকে উত্যক্ত করার অভিযোগে জসীম উদ্দিনের বিরুদ্ধে একাধিকবার সালিশ হয়েছে বলে জানা যায়। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ ঘরে কাজ করছিলেন রুকশানা বেগম। এ সময় জসিম আবারও অশালীন অঙ্গভঙ্গি করলে প্রতিবাদ করেন রুকশানা। এতে ক্ষিপ্ত হয়ে বটি দা দিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন জসিম। এ সময় রুকশানার পাশে থাকা চার বছরের মেয়ে মোছাঃ তোফা আক্তারও আহত হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে জসিম পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় রুকশানা বেগমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ -হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সংবাদটি 167 বার পঠিত হয়েছে