ছাতকে নৈশ প্রহরীর হামলায় প্রধান শিক্ষিকা আহত

স্টাফ রিপোর্টার, ছাতকঃ

সুনামগঞ্জের ছাতকে দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় শঙ্করনি রানী দে নামের এক প্রধান শিক্ষিকা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় থাকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নিজ বিদ্যালয়ে। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শঙ্করনি রানী দে বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়াকে বিদ্যালয় পরিস্কারের কথা বললে সে ক্ষিপ্ত হয়ে উঠে।বিদ্যালয় পরিস্কার করা তার কাজ নয় বলে সে প্রধান শিক্ষিকার দিকে তেড়ে আসে। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই প্রধান শিক্ষিকাকে চেয়ার দিয়ে আঘাত করে রুবেল মিয়া। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা নাসিরা বেগম, খাদিজা বেগম এ সময় তার হাত থেকে চেয়ার কেড়ে নিলেও সে আবারও লোহার রড় দিয়ে প্রধান শিক্ষিকার মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই সংবাদটি 443 বার পঠিত হয়েছে