ছাতকে উত্যক্তকারীদের হামলায় ১ম‌হিলা সহ আহত ২জন, থানায় অভিযোগ

 

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতকে মায়ের সামনে মেয়েকে উত্যক্ত আর প্রতিবাদে মা এগিয়ে আসলে উত্যক্তকারী বখাটেরা তাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত মাকে গুরতর অবস্থায় প্রথমে উপজেলার কৈতক হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় রোববার হোসাইন আহমদ বাদী হয়ে গ্রামের আব্দুল মন্নানের পুত্র আনোয়ার হোসেনকে প্রধান আসামী করে ৬জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওইদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শামছুল আরেফিন। দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শ্যামনগর গ্রামের সৌদি আরব প্রবাসী হাসান আহমদের স্ত্রী রুনা বেগম শনিবার তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে গোবিন্দগঞ্জে যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্রামের আনোয়ার ও মিন্টু মিয়া সহ কয়েকজন তার মেয়েকে কটুক্তি ও উত্যক্ত করে। এসময় মা প্রতিবাদ করলে উত্যক্তকারীদের পক্ষ নিয়ে তাদের সহযোগীরা তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। হামলায় গুরুতর আহত হয়েছেন রুনা বেগম। ওই ঘটনার মধ্যস্থতাকারী একই গ্রামের রহমত আলীর পুত্র সুজন মিয়াও হামলায় আহত হয়। ছাতক থানার ওসি (অপারেশন) মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 302 বার পঠিত হয়েছে