দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে এক অসহায় বীরমুক্তিযোদ্ধা পরিবারের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফকিরের বাড়িতে এক সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধার স্ত্রী মালেকা বেগম বলেন, প্রায় একশ বছর ধরে আমাদের ভোগদখলীয় জমি পেশীশক্তির প্রভাবে জবর দখল করার পায়তারা করা হচ্ছে। একই গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র ইউনুস আলী আমাদের বসতভিটার ২০ শতক ভূমি বন্দোবস্ত পেয়েছেন বলে দাবি করে সে স্থানীয় প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় ভূমি দখলে মরিয়া হয়ে উঠে। বীরমুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর একমাত্র পুত্র ব্যতিত পরিবারে তেমন কেউ নেই। ৬ মেয়ে বিয়ে দিয়ে দিছি।এক ভাই পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করে অন্য এলাকায়।
এসময় মুক্তিযোদ্ধার স্ত্রী মালেকা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, ইউনুস আলী দাবি করছে সে ১৯৯৯ সালে এই ভূমি বন্দোবস্ত পেয়েছে, অথচ মুক্তিযোদ্ধা জীবিত থাকাকালে বা ইতিপূর্বে কোনোদিন ভূমি দাবি করেনি, কিংবা এ নিয়ে কথাও বলেনি। মুক্তিযোদ্ধার মৃত্যুর পর পরিবার এখন অসহায় হয়ে পড়ায় স্থানীয় ইউপি সদস্য জামিল খানের ইন্ধনে আমাদের ভূমি দখলের পায়তারা করছে। তাদের এহেন কর্মের প্রতিবাদ জানালে তারা আমার পুত্রকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদান করে। এ বিষয়ে প্রতিকার পেতে দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছি না। ইউনুস আলী ও তার সাঙ্গপাঙ্গদের ভয়ে আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। জমি দখলে বাধা দিলে যে কোনো সময় তারা আমাদের উপর চড়াও হয়ে মারপিট এবং নানাভাবে ষড়যন্ত্র করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমি একজন বীরমুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে আমাদের জমি রক্ষা এবং প্রতিপক্ষের হাত থেকে উদ্ধার করার নিবেদন করছি।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আলী ফকিরের পুত্র নূর নবী, মেয়ে আছমা বেগম, রেহেনা বেগম, ভাই সমশের আলী, নিয়ামত আলী প্রমুখ।
এ ব্যাপারে ইউনুস আলী জানান, আমার বন্দোবস্ত পাওয়া জমি মুক্তিযোদ্ধা পরিবারের দখলে রয়েছে। আমি আমার ভূমি ফিরে পেতে চাই।
ইউপি সদস্য জামিল খান বলেন, ইউনুস আলী অনেক বছর আগে বন্দোবস্ত পেয়েছে, ২০ শতক ভূমি মুক্তিযোদ্ধার ভোগদখলীয় ভূমিতে আছে। মুক্তিযোদ্ধা পরিবারকে তাদের ভোগদখীয় জায়গার কাগজপত্র দেখাতে পারেনি।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, বীরমুক্তিযোদ্ধার স্ত্রী আমাকে অবহিত করেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






