দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে ডেকে নিয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আইনুল হকের পুত্র।
অভিযোগ সুত্রে জানা যায়, আমিনুল ইসলাম আনসার বাহিনী নারায়নগঞ্জের ফতুল্লা থানার ইদ্রাকপুর ইউনিটে চাকুরী করেন। সম্প্রতি তিনি বাড়ি আসলে গত বৃহস্পতিবার সকালে মৎস্যখামারের টাকা ডিডি করার জন্য সুনামগঞ্জে যাওয়ার পথে ডেকে বাড়িতে নিয়ে একই ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র রাজন মিয়া ও তার ভাইয়েরা মিলে বেধড়ক মারপিট করে। এসময় সাথে থাকা ২লাখ টাকা ছিনিয়ে নেয়।
আমিনুল ইসলাম বলেন, বিদেশে লোক পাঠানো নিয়ে রাজন মিয়ার সঙ্গে আমার শশুরের টাকা পয়সার লেনদেন হয়েছিল। কথামত একবছর পূর্বে বিদেশও পাঠানো হয়েছে। তাদের কাছে আমার শশুরের পাওনা আরও ১ লাখ টাকা। আমি লেনদেনের জামিনদার ছিলাম। ওইদিন আমি মৎস্য খামারের টাকা ডিডি করার জন্য সুনামগঞ্জ যাওয়ার পথে ডেকে বাড়িতে নিয়ে আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। প্রতিকার চেয়ে আমি দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ইউপি সদস্য আব্দুর রব জানান, তাদের মধ্যে বিদেশ পাঠানোর লেনদেনের ঝামেলা রয়েছে। লোক বিদেশে গমন করলেও চুক্তিমত কাজ করা হয়নি বলে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এ পর্যন্ত কয়েকটি সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ওইদিন তাকে বাড়িতে ডেকে নিলে আমি তাৎক্ষণিক বিষয়টি সমাধান করে দিই এবং সালিশে সমাধানের কথা বলি।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, এ বিষয়ে লিখত অভিযোগ পেয়েছি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






