ছাতকে সিংচাপইড় ইউনিয়নে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল ও নোয়ারাই ইউনিয়নে দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চেয়ারম্যান নির্বাচিত
জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
ছাতক উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দু’টি ইউনিয়নের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। র্যাব, পুলিশ, বিজিবি, ডিবি পুলিশের ছিলো কড়া নজরদারি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিলো লক্ষনীয়। প্রথম ধাপের নির্বাচনে সিলেট বিভাগের মধ্য সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দু’ইউনিয়নের নির্বাচনে একটিতে আওয়ামীলীগের প্রার্থী ও অন্যটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
উপজেলার সিংচাপইড় ইউনিয়নে বাংলাদেশ আওয়মীলীগ মনোনীত প্রার্থী সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল (নৌকা) প্রতীকে ৫ হাজার ১২১ ভোট পেয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৫১ ভোট ।
এদিকে, উপজেলার নোয়ারাই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা (চশমা) প্রতীকে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট। ##






