ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বুড়াইরগাঁও বাজারসংলগ্ন আলাপুর গ্রামে সিলেট-সুনামগঞ্জ বিশ্বরোডের পাশে মাদরাসার নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদরাসার চেয়ারম্যান হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ পয়েন্টসংলগ্ন একটি ভাড়াটিয়া অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের পবিত্র কুরআন হিফজের দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে মাদরাসাটি।

নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, সুশৃঙ্খল ও স্থায়ী শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, হাফিজ, এলাকার আলেম-ওলামা, শিক্ষানুরাগী, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহান বলেন, “এই কুরআনের বাগানকে পরিপূর্ণ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করেছেন, তাঁদের প্রতি শুকরিয়া আদায় করছি।”

এই সংবাদটি 48 বার পঠিত হয়েছে