ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বসতবাড়ির অভ্যন্তরে ‘হযরত শাহজালাল (র.) অটো রাইস চারকল অ্যান্ড মসলা মিল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন করে পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা শামীম আহমদ।
বুধবার (১৮ নভেম্বর) দাখিল করা অভিযোগে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বসতবাড়ির ভেতরে রাইস মিল ও চারকল মিল পরিচালনা এবং সেখান থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যের কারণে পরিবেশদূষণের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী শামীম আহমদ ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বরবাপুর প্রকাশ দিগলবন্দ গ্রামের বাসিন্দা। অভিযোগে বিবাদী হিসেবে একই গ্রামের মৃত কাপ্তান মিয়ার ছেলে মামুনুর রশিদ ও আমিনুর রশিদের নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে শামীম আহমদ উল্লেখ করেন, বিবাদীরা তাঁর প্রতিবেশী ও নিকটাত্মীয়। তাঁদের বসতবাড়ির অভ্যন্তরে রাইস মিল ও চারকল মিল স্থাপন করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, এ পরিস্থিতির কারণে তাঁর পরিবারের সদস্যরা শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। একই সঙ্গে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি অপসারণের দাবি করা হলেও অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় বিষয়টি সরেজমিন তদন্ত করে পরিবেশদূষণের অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন শামীম আহমদ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, অভিযোগটি এখনো আমার কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






