ছাতকে মামুনুল হকের সমর্থক কর্তৃক থানায় হামলার ঘটনায় ৯৩জনের নাম উল্লেখসহ ৯’শ জনকে আসামী করে থানায় মামলা

  • স্টাফ রিপোর্টারঃঃ

ছাতকে হেফাজত নেতা মামুনুল হক এর সমর্থক কর্তৃক থানায় হামলার ঘটনায় পুলিশসহ অন্তত ২৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আটকের জের ধরেই এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার রাত ৯টায় শহরের থানা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।

এদিকে, থানা পুলিশের জরুরী সেবা বক্স ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় রোববার বিকেলে ছাতক থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ৯ শতাধিক ব্যক্তিকে আসামী করে ছাতক থানায় (মামলা নং-৫) ০৪/০৪/২০২১ইং) দায়ের করেছেন।

জানা যায়, নারায়নগঞ্জে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আটকের খবরে শনিবার রাত সাড়ে ৮টায় মিছিল নিয়ে শহরের ট্রাফিক পয়েন্টে এসে জড়ো হতে থাকে হেফাজত নেতা মামুনুল হকের সমর্থকরা। এসময়  পুলিশ ও মিছিলকারীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মিছিলকারীরা পুলিশকে ধাওয়া করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাজারের দোকান ৪টি দোকান ভাংচুর করে মিছিলকারীরা। এতে অল্প সময়ের মধ্যেই বাজারের অধিকাংশ দোকানপাঠ বন্ধ হয়ে যায়। হেফাজত সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরুর খবরে মিছিলকারী বিক্ষুদ্ধ জনতার একটি অংশ থানার চারদিকে ঘেরাও করে ইট-পাঠকেল ছুড়তে থাকলে সাথে সাথে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় থানার ভেতর থেকে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় থানা পুলিশ। সংঘর্ষ পুলিশ সদস্য রাকিবুর আলম, সাইফুল ইসলাম, দিলশাদ মিয়া, রবিউল আলম, সুবল দাসসহ অন্তত ২৫জন আহত হন। আহত পুলিশ সদস্যদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অন্য আহতরা স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

অপরদিকে, থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে, তাৎক্ষনিক ভাবে শহর থেকে মোঃ জয়নাল আবেদীন, রাজন আহমদ, একরাম হোসেন, মো সামছু উদ্দিন, সুমন আহমদ, মো.আলী হোসেন, মোস্তাফিজুর রহমান ফাহিম, জনি আহমদ ও আবুল হেসেন সহ ৯জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, ছাতক পৌরসভা মেয়ার আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও এএসপি (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন বলেন, মিছিলকারীরা হঠাৎ করে থানায় হামলা করেছে। এ ঘটনায় থানার এসআই আকবর আলী বাদীকরে ৯৩জনের নাম উল্লেখ সহ হামলার এঘটনায় জড়িত ৮ থেকে ৯’শ জনের বিরুদ্ধে (মামলা নং-৫)  দায়ের করা হয়েছে। এবং ওসি (তদন্ত) মিজানুর রহমানকে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

এই সংবাদটি 127 বার পঠিত হয়েছে