কোয়ারেন্টিন থেকে পালানো দুই যুক্তরাজ্য প্রবাসী জেলে

সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য ফেরত দুই প্রবাসীকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া তাদের দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ র্মাচ) রাতে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ হোটেল প্যাসিফিকে থাকা দুই প্রবাসীকে সাজা দেয়া হয়।

সাজাপ্রাপ্ত প্রবাসীরা হচ্ছেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আবদুর রউফের ছেলে আলম হাসান রউফ (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. আবদুল নূর (৪২)। তারা দু’জনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।

জানা গেছে, যুক্তরাজ্য থেকে ফেরার পর ওই দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর দরগাগেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। কোয়ারেন্টিনে থাকাবস্থায় তারা করোনা পরীক্ষার নমুনা দেন। কিন্তু রিপোর্ট আসার পূর্বেই কাউকে না জানিয়ে তারা হোটেল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সাথে সাথে অর্থদ- পরিশোধ করলে রায় অনুযায়ী ৭ দিনের সাজাভোগের জন্য রাতেই তাদের দু’জনকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ায় কোয়ারেন্টিনে থাকা একই পরিবারের ৯ সদস্য পালিয়ে জকিগঞ্জস্থ তাদের গ্রামের বাড়ি চলে যান। পরে তাদেরকে ফোনে ডেকে এনে ওই পরিবারের প্রাপ্তবয়স্ক ৬ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নগরীর লামাবাজারস্থ হোটেল লা ভিস্তায় কোয়ারেন্টিনে থাকাবস্থায় যুক্তরাজ্য ফেরত এক যুবক বিয়ের অনুষ্ঠান সারেন। এ নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। প্রবাসীদের কোয়ারেন্টিন মানা নিয়েও দেখা দেয় নানা প্রশ্ন।

 

সি/ ই-21

এই সংবাদটি 616 বার পঠিত হয়েছে