বিশ্বের বৃহৎ কোরআন প্রতিযোগিতায় সিলেটের হাফিজ জামিল

সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে আগামী রমজান মাসে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম কোরআন প্রতিযোগিতা। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগি হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতিসন্তান হাফিজ জামিল আহমদ।

মঙ্গলবার (৩০ র্মাচ) দুবাই বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষায় হাফিজ জামিলকে নির্বাচিত করা হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের দেড় শতাধিক দেশের প্রতিযোগীদের সাথে তিনিও প্রতিযোগিতা করবেন।

হাফিজ জামিল আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্থ সেনগ্রামের মাওলানা জহির উদ্দিনের বড় ছেলে। তিনি পরিবারের সাথে দীর্ঘদিন থেকে সংযুক্ত আরব আমিরাতের আল-আইন শহরে বসবাস করছেন। সেখানকার একটি সরকারী বিদ্যালয়ে তিনি অধ্যয়নরত।
জানা গেছে, দুবাইয়ে প্রতিবছর মাহে রমজানে বিশ্বের বৃহত্তম এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৃথিবীর প্রত্যেক মুসলিম দেশ নিজ দেশে প্রতিযোগিতার মাধ্যমে একজনকে বাছাই করে সেখানে প্রেরণ করা হয়ে থাকে। কিন্তু করোনার কারণে এবার দুবাই কোরআন কমিটি সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন দেশের হাফিজদেরকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার। সে সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের হাফিজেদের নিয়ে দুবাই বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বাছাই পরীক্ষায় হাফিজ জামিল আহমদ নির্বাচিত হন।

এব্যাপারে জানতে চাইলে প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ আব্দুল্লাহ বলেন, সিলেটের হাফিজ জামিল নির্বাচিত হওয়ায় আমরা খুবই খুশি। আগেও একাধিকবার সিলেটসহ বাংলাদেশের প্রতিযোগিরা প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। এবারও যেন বাংলাদেশের মুখ উজ্জল হয়, এজন্য তিনি দেশবাসির কাছে হাফিজ জামিলের জন্য দোয়া কামনা করেছেন।

 

সি/ ই-21

এই সংবাদটি 510 বার পঠিত হয়েছে