সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাওয়ে হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট মামলার আরেক আসামি গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (২৯ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ দুর্লভপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন দিরাই থানার নুরনগর গ্রামের মৃত মিন্তার উদ্দিনের ছেলে। শাল্লার নোয়াগাওয়ে হামলা ভাঙচুর ও লুটপাট মামলার অন্যতম আসামি তিনি। গ্রেফতারের পর জামালগঞ্জ থানা পুলিশেল কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
প্রসঙ্গত, সম্প্রতি সুমানগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মালম্বী এক যুবক হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের কর্মী-সমর্থকরা উত্তেজিত হলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৭ মার্চ সকালে যুবকের এলাকা নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে একদল দুষ্কৃতিকারি। এঘটনার পরদিন ১৮ মার্চ রাতে দু’টি মামলা হয়। হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাদী হয়ে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের সদস্য শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে প্রধান করে একটি মামলা করেন। এ মামলায় ৮০ জনের নামে ও অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়। আরেকটি মামলা করা হয় শাল্লা থানা পুলিশের পক্ষ থেকে। মামলাগুলো দায়েরর পর ২০ মার্চ ভোররাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রধান আসামী ইউপি মেম্বার স্বাধীনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইতোমধ্যে তার রিমান্ডও শেষ হয়েছে।
সি/ ই-21






