বিনা পরোয়ানায় মুক্তিযোদ্ধা সন্তানকে গ্রেফতার করায় মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাইলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ায় শেষ হলো মুক্তিযোদ্ধা ও পুলিশের মধ্যে থাকা অভিমান।
রোববার (২৮ র্মাচ) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় দোয়ারাবাজার থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম তার বক্তব্যে নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা সন্তানকে আটকের বিষয়ে দু:খ প্রকাশ করে উপস্থিত মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চান।
জানা গেছে, ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খলিলুর রহমানের সন্তান আনোয়ার হোসেন (২২)-কে বিনা ওয়ারেন্টে একই ইউনিয়নের শুড়িগাঁও গ্রামে তার শশুর কাঞ্চন মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। একই সময় আনোয়ারের শ্যালককেও আটক করা হয়। পরদিন পুলিশ তাদেরকে কের্টে চালান দেয় দোয়ারাবাজার থানা পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর সকল কর্মসূচী বাদ দিয়ে ২৬ মার্চ দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের প্রত্যাহারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা। এ বিক্ষোভ থেকে আটক মুক্তিযোদ্ধা সন্তানকে ছেড়ে দেয়ার জন্য ওসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন মুক্তিযোদ্ধারা।
ওসির ক্ষমা চাওয়ার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার মনফর আলী, বীর প্রতীক আব্দুল হালিম, বীর প্রতীক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, জমির আলী প্রমুখ।
সি/ ই-21






