সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২১ র্মাচ) বিকেল সোয়া চারটায় সুনমাগঞ্জ জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে কড়া নিরাপত্তায় স্বাধীনকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে এ বিষয়ে সোমবার (২২ মার্চ) শুনানির জন্য দিন ধার্য্য করেন বিচারক।
সুমানগঞ্জের শাল্লার হিন্দু ধর্মালম্বী এক যুবক হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের কর্মী-সমর্থকরা উত্তেজিত হলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। পরদিন বুধবার সকালে যুবকের এলাকা নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। এঘটনার পর বৃহস্পতিবার রাতে দু’টি মামলা হয়। হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাদী হয়ে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের সদস্য শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে প্রধান করে মামলা একটি করেন। এ মামলায় ৮০ জনের নামে ও অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়। আরেকটি মামলা করা হয় শাল্লা থানা পুলিশের পক্ষ থেকে। মামলাগুলো দায়েরর পর শনিবার ভোররাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রধান আসামী ইউপি মেম্বার স্বাধীনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এদিকে, গ্রেফতারকৃত স্বাধীন মেম্বার যুবলীগের সভাপতি বলে স্থানীয়রা দাবি করলেও সুনামগঞ্জ জেলা যুবলীগ বলছে স্বাধীন যুবলীগের কেউ নয়। তবে, স্বাধীনসহ এমন নেক্কারজনক ঘটনা যারাই ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সকল শ্রেণী-পেশার মানুষ।
সি/ই-21






