স্বাধীন কােন দলের সেটা দেখার বিষয় নয়- পুলিশ সুপার

সুনামগঞ্জ প্রতিনিধি
স্বাধীন কোন দলের সদস্য ছিল কোন দলের নেতা ছিল সেটা দেখার বিষয় নয়। স্বাধীন অপরাধী সেটাই মূল বিষয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
রোববার (২১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। জেলার শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের আযোজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, নোয়াগাঁও গ্রামের সঙ্গে বিভিন্ন বিষয়ে স্বাধীন মিয়ার বিরোধ ছিলো। পুলিশ এসব তদন্ত করছে। কে দোষী, কে নির্দোষ সেটা তদন্তে বেরিয়ে আসবে।
তিনি বলেন, বুধবার (১৭ মার্চ) সকালে ৪-৫টি গ্রামের মানুষ নোয়াগাঁও গ্রামে অবস্থান করছিল,কতোজন লোক সেখানে ছিল সেটা বলা সম্ভব নয়। তবে একটা মেসেজ দিতে পারি অকারণে কাউকে হয়রানি করা হবে না। পুলিশ জনগণের বন্ধু, কে ওই ঘটনা ঘটিয়েছে কারা জড়িত ছিল তা দ্রুত তদন্ত করে জানানো হবে।
পুলিশ সুপার বলেন, যেদিন ওই ঘটনাটি ঘটে সেদিন জাতির পিতার জন্মদিন ছিল। আমরা সেই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। যে সময় ওই ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমি আর জেলা প্রশাসক মহােদয় সেখানে গিয়ে গ্রামের সকলের সঙ্গে কথা বলছি। তাদের বলেছি আর আতঙ্ক থাকার দরকার নেই। যতোদিন তাদের আতঙ্ক দূর না হচ্ছে পুলিশ সেখানেই থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান প্রমুখ।

সিরাজুল ইসলাম শ্যামল
২১,০৩,২১

এই সংবাদটি 159 বার পঠিত হয়েছে