- জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
মুক্তিযোদ্ধা, আইনজীবী, লেখক গবেষক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরুর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তারা বজলুল মজিদ চৌধুরীর স্মৃতি চারণ করেন।
শুরুতেই শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বক্তারা বলেন, বজলুল মজিদ চৌধুরী খসরু জীবন মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। মানুষকে ভালোবাসতেন হৃদয় দিয়ে। যৌবনে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অস্ত্র ধরে ছিলেন শত্রুর বিরুদ্ধে। স্বাধীনতার পরবর্তি সময়ে মুক্তিযুদ্ধ গবেষণায় অবদান রেখেছিলেন। তাঁর লেখা মুক্তিবিষয়ক বই জাতীয় সম্পদ। দীর্ঘ আইন পেশায় সততা ও নিষ্টার সাথে কর্মসম্পাদন করেছেন। হাওরবাসীর বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার ছিলেন। দীর্ঘ জীবনে মানুষকে শুধু দিয়েই গেছেন। আর বিনিময়ে অর্জন করেছেন ভালোবাসা। তাই জেলাবাসী আপন মানুষটি হারিয়ে শোকাহত। এমন মহা মানবের প্রস্তানে যে ক্ষতি হয়েছে তা কখনও পোষাবার নয়। বজলুল মজিদ চৌধুরী খসরু জীবন আদর্শ চর্চার মাধ্যমে জাতির এই বীর সন্তানকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান বক্তাদের।
সাংবাদিক খলিল রহমান ও উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, বিরোধী দলীয় হুইফ সাংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর প্রতিক ইদ্রিস আলী, নারী নেত্রী শীলা রায়, সিনিয়র আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, আবু আলী সাজ্জাদ হোসাইন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাস শেপু, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌড়ি ভট্টাচার্য্য প্রমূখ।






