- জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতকে আলোচিত সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে স্থায়ীভাবে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার (১০ মার্চ) তাকে বেখসুর খালাস প্রদান করেন সুনামগঞ্জ জেলা আদালত। এর ফলে আগামী ১১ এপ্রিল ইউপি পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে আর আইনি কোনও বাধা নেই। ইতি মধ্যে তার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে টানা দ্বিতীয়বারের মতো তিনি দলীয় ভাবে নৌকা প্রতীক নিয়ে সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এদিকে, সাহেলের মুক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সিংচাপইড় ইউনিয়নে আনন্দের হাওয়া বইছে। নেতাকর্মীসহ এলাকাবাসীর মনে আনন্দের বাধ ভাঙা জোয়ার দেখা দিয়েছে।
মামলা থেকে মুক্তি লাভের পর সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল এ প্রতিবেদকে বলেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে, তিনি আমাকে শয়তানদের শক্তির কাছ থেকে রক্ষা করেছেন। ষড়যন্ত্রকারীরা আমাকে দীর্ঘদিন যাবত হয়রানি করে আমার ইউনিয়নের জনগণ ও আমার পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল।
আজ আমার মুক্তি লাভের পর জনগণ প্রাণ খুলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। “আমি আমার প্রিয় সিংচাপইড় ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ আমার রাজনৈতিক অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে, সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির রুবেল।
প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় লাভ করেন সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। ২০১৭ সালের ১৭-মে হাওর রক্ষা বাধঁ নির্মাণ কাজের অতিরিক্ত বিল আদায়ের দাবিতে ছাতক উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেনকে অবরুদ্ধ করে ফেইসবুক লাইভ করেন সাহাব উদ্দিন সাহেল। এ ঘটনায় ছাতক থানায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নং (১৫) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে সাহাব উদ্দিন সাহেলকে দুই বছরের সাজা দেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেণ আদালত। গতকাল ১০ মার্চ বুধবার তাকে মামলা থেকে স্থায়ী ভাবে অব্যহতি প্রদান করা হয়।##






